দেশের শস্য ভাণ্ডারে যুক্ত হয়েছে দুইটি হাইব্রিডসহ আরও ছয়টি নতুন উচ্চ ফলনশীল ধানের জাত। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) কৃষি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় বীজ বোর্ডের ১১৫তম সভায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত এসব জাত চাষাবাদের জন্য অবমুক্ত করা হয়।
কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানের সভাপতিত্বে সভায় ব্রি’র মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন অবমুক্ত জাতগুলোর মধ্যে রয়েছে একটি ভিটামিন-ই সমৃদ্ধ, একটি লবণাক্ততা সহনশীল, একটি ব্লাস্ট রোগ প্রতিরোধী, একটি হাওরাঞ্চলের উপযোগী ও ঠান্ডা সহনশীল এবং দুটি লজিং টলারেন্ট বা ঢলে পড়া প্রতিরোধী হাইব্রিড জাত।
এ নিয়ে ব্রি উদ্ভাবিত ধানের মোট জাতের সংখ্যা দাঁড়াল ১২৭টিতে।
বিডি প্রতিদিন/হিমেল