সুন্দরবনের ক্ষতিসাধনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা। তারা বলেন, সুন্দরবনের বাস্তুসংস্থান রক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। নীতিনির্ধারকদের কাছে এখনো সুন্দরবনের গুরুত্ব যথাযথভাবে প্রতিফলিত হয়নি। মানুষের আগ্রাসনে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন আজ ক্ষতবিক্ষত। বন্যপ্রাণী অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
শনিবার বিকেলে মোংলা পৌর শহীদ মিনার চত্বরে সুন্দরবন দিবস উপলক্ষে আয়োজিত জনসমাবেশে বক্তারা এসব কথা বলেন।
‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’, ‘সুন্দরবন রক্ষায় আমরা’, Waterkeepers Bangladesh এবং ‘পশুর রিভার ওয়াটারকিপার’-এর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সহ-আয়োজক ছিল উত্তরণ, সিএনআরএস, বাদাবন সংঘ ও সার্ভিস বাংলাদেশ।
জনসমাবেশে সভাপতিত্ব করেন ‘সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী ও পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ‘ধরা’র কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও Waterkeepers Bangladesh-এর সমন্বয়কারী পরিবেশকর্মী শরীফ জামিল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, ক্রীড়াবিদ শেখ রুস্তুম আলী, মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান এবং ব্যবসায়ী ও বিএনপি নেতা নাসির তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে শরীফ জামিল বলেন, প্রতিবছর সুন্দরবন দিবসে রক্ষার আহ্বান জানানো হলেও দিন দিন সুন্দরবন আরও বিপন্ন হয়ে পড়ছে। জাতিসংঘ সরকারকে সুন্দরবনসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কৌশলগত পরিবেশ সমীক্ষা যথাযথভাবে পরিচালনার পরামর্শ দিয়েছে। নতুন সরকারকে অন্তর্ভুক্তিমূলক ও বিজ্ঞানসম্মত স্বচ্ছ সমীক্ষা পরিচালনার আহ্বান জানান তিনি। পাশাপাশি রামপাল বিদ্যুৎ কেন্দ্র-এর দূষণ, বিষ প্রয়োগে মাছ শিকারসহ বিভিন্ন হুমকি থেকে সুন্দরবনকে সুরক্ষার দাবি জানান।
সভাপতির বক্তব্যে মো. নূর আলম শেখ বলেন, সুন্দরবনে প্লাস্টিক ও পলিথিন দূষণ বেড়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে লবণাক্ততা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়ছে। কয়লা ও শিল্প দূষণের কবল থেকে সুন্দরবনকে রক্ষা করতে হবে। বন ও বন্যপ্রাণী সুরক্ষায় গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি সুন্দরবননির্ভর জনগোষ্ঠীর জন্য বিকল্প কর্মসংস্থান তৈরির দাবি জানান তিনি।
জনসমাবেশের আগে সুন্দরবনবিষয়ক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বাঘ মহড়া, লাঠিখেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/মাইনুল