দেশে পিঁয়াজের বীজ উৎপাদন বাড়াতে দিনাজপুরে উন্নত জাতের তাহেরপুরী পিঁয়াজ বীজ চাষ শুরু হয়েছে। কৃষি বিভাগের কর্মকর্তা জানান, এই উদ্যোগ ছড়িয়ে পড়লে পিঁয়াজ বীজ উৎপাদনে নতুন সম্ভাবনার দ্বার খুলবে এবং স্থানীয় কৃষি অর্থনীতি আরও গতিশীল হবে।
দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মাঠে প্রথমবার বাণিজ্যিকভাবে এই বীজ উৎপাদন শুরু হওয়ায় স্থানীয় কৃষকরা আশাবাদী। প্রতি শতক জমিতে দুই থেকে আড়াই কেজি পর্যন্ত পিঁয়াজ বীজ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। বাজারে পিঁয়াজ বীজের দাম ভালো থাকায় এই লাভজনক চাষে আগ্রহ দিন দিন বাড়ছে। বর্তমানে মাঠজুড়ে আড়াই ফুট লম্বা সবুজ গাছে সাদা গোলাকৃতির ফুল ফুটে মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়েছে।
স্থানীয় কৃষকরা জানান, পিঁয়াজ বীজ চাষ সাধারণ পিঁয়াজ চাষের তুলনায় কিছুটা ভিন্ন এবং শ্রমনির্ভর। জমি প্রস্তুতি, সেচ, আগাছা দমন, রোগবালাই নিয়ন্ত্রণ এবং সময়মতো পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিকভাবে দেখাশোনা করলে এটি কৃষকের জন্য অত্যন্ত লাভজনক।
কৃষক গোলাম মোস্তফা বলেন, পিঁয়াজ চাষের গুরুত্বপূর্ণ ধাপ হলো পরাগায়ন। আগে মাঠে প্রচুর মৌমাছি দেখা যেত। কিন্তু সার ও কীটনাশক ব্যবহারের কারণে এখন মৌমাছি আগের মতো আসে না। তাই কৃত্রিমভাবে হাত দিয়ে পরাগায়ন করতে হচ্ছে।
হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম জানান, কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের বীজ, সার এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। এই উদ্যোগ ছড়িয়ে পড়লে হাকিমপুরে পিঁয়াজ বীজ উৎপাদনে নতুন সম্ভাবনা তৈরি হবে এবং স্থানীয় কৃষি অর্থনীতি আরও গতিশীল হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ