গত বছরের ডিসেম্বর মাসে ভারতজুড়ে ইন্ডিগো এয়ারলাইন্সের নজিরবিহীন ফ্লাইট বিপর্যয়ের ঘটনায় কঠোর পদক্ষেপ নিল ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ।
ফ্লাইট পরিচালনায় গাফিলতি এবং নিয়মনীতি লঙ্ঘনের দায়ে ইন্ডিগোকে ২২.২০ কোটি রুপি জরিমানা করা হয়েছে। একইসঙ্গে সংস্থাটির শীর্ষ ব্যবস্থাপনার বিরুদ্ধেও নেওয়া হয়েছে শাস্তিমূলক ব্যবস্থা।
২০২৫ সালের ৩ থেকে ৫ ডিসেম্বরের মধ্যে ইন্ডিগো প্রায় ২৫০৭টি ফ্লাইট বাতিল করে এবং ১,৮৫২টি ফ্লাইট বিলম্বিত হয়। এর ফলে ভারত জুড়ে প্রায় তিন লাখ যাত্রী চরম ভোগান্তির শিকার হন।
ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত চার সদস্যের তদন্ত কমিটি তাদের রিপোর্টে জানিয়েছে, অত্যাধিক অপ্টিমাইজেশন, দুর্বল সফটওয়্যার সিস্টেম এবং ব্যবস্থাপনার তদারকিতে বড় ধরনের ত্রুটি ছিল এই বিপর্যয়ের নেপথ্যে। বিশেষ করে পাইলট ও ক্রু মেম্বারদের ডিউটি টাইম বা এফডিটিএল নিয়ম লঙ্ঘনের বিষয়টি তদন্তে স্পষ্টভাবে উঠে এসেছে।
জরিমানার অংকের বিস্তারিত ব্যাখ্যায় জানানো হয়েছে, ছয়টি পৃথক নিয়ম লঙ্ঘনের জন্য ১.৮০ কোটি রুপি এবং পরবর্তীতে নিয়ম না মানার কারণে দৈনিক ৩০ লাখ রুপি হিসেবে মোট ২০.৪০ কোটি টাকা জরিমানা ধার্য করা হয়েছে। শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে ইন্ডিগোর সিইও-কে সতর্ক করা হয়েছে এবং বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে তাঁদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ইন্ডিগোকে 'সিস্টেমিক রিফর্ম অ্যাসুরেন্স স্কিম'-এর অধীনে ৫০ কোটি রুপির ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
ইন্ডিগোর মালিকানাধীন সংস্থা ইন্টারগ্লোব অ্যাভিয়েশন লিমিটেড এই নির্দেশ মেনে নেওয়ার কথা জানিয়ে বলেছে, তারা তাদের অভ্যন্তরীণ প্রক্রিয়াগুলোকে আরও শক্তিশালী করতে কাজ করছে। ক্ষতিগ্রস্ত যাত্রীদের প্রতি সহমর্মিতা জানিয়ে এয়ারলাইন্সটি ১০ হাজার রুপির একটি বিশেষ ভাউচার প্রদান করেছে।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল