দেশের বেসরকারি বিমান চলাচল খাতে সাফল্যের স্বীকৃতি হিসেবে টানা দ্বিতীয়বারে ‘বেস্ট ডোমেস্টিক এয়ারলাইন্স’ পুরস্কার অর্জন করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড ২০২৬ (টিটা)-এ প্রতিষ্ঠানটিকে এই সম্মাননা প্রদান করা হয়।
গতকাল রবিবার রাতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার হস্তান্তর করেন সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং টোয়াবের সভাপতি রাফিউজ্জামান। ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষে এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড গ্রহণ করেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।
ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে তিনটি এয়ারবাস ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০ এবং অন্যান্য উড়োজাহাজসহ মোট ২৫টি এয়ারক্রাফট নিয়ে দেশের অভ্যন্তরীণ সব রুট এবং আন্তর্জাতিক পরিসরে ফ্লাইট পরিচালনা করছে।
বর্তমানে বিশ্বের ১০টি দেশের ১৪টি আন্তর্জাতিক গন্তব্যে নিয়মিত ডানা মেলছে ইউএস-বাংলার ফ্লাইট। আন্তর্জাতিক গন্তব্যগুলোর মধ্যে রয়েছে সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, দুবাই ও আবুধাবি, ওমানের মাস্কাট, কাতারের দোহা, চীনের গুয়াংজু, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, মালদ্বীপ, ভারতের কলকাতা ও চেন্নাই।
যাত্রীসেবার মান আরও উন্নত করতে খুব শিগগিরই ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে আরও তিনটি ন্যারো বডি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট। পাশাপাশি নিকট ভবিষ্যতে ঢাকা থেকে কলম্বো, মদিনা, দাম্মাম ও কুয়েত রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
বহর বাড়ানোর পাশাপাশি নেটওয়ার্ক সম্প্রসারণের মহাপরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির। নিকট ভবিষ্যতেই ঢাকা থেকে শ্রীলঙ্কার কলম্বো, সৌদি আরবের মদিনা, দাম্মাম এবং কুয়েত রুটে নতুন ফ্লাইট চালুর পরিকল্পনা করছে ইউএস-বাংলা।
কর্তৃপক্ষ জানায়, দেশীয় ও আন্তর্জাতিক এভিয়েশন খাতে ধারাবাহিক সাফল্য, নিরাপদ ভ্রমণ এবং মানসম্মত সেবার স্বীকৃতি হিসেবে এই অর্জন তাদের জন্য এক নতুন অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
বিডি-প্রতিদিন/এমই