পবিত্র কোরআন হিফজ শিক্ষার্থীদের সম্মানে বসুন্ধরা শুভসংঘ, লালমাই উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার উপজেলার বাগমারা উত্তর বাজারস্থ আল ইসরা মাদরাসার হলরুমে ইফতার ও দু'আ মোনাজাতের এই কর্মসূচি পালন করা হয়।
ইফতার পূর্ব আলোচনায় বক্তারা রমজানের পবিত্রতা রক্ষা, ইফতার ও সেহরীতে হিফজ শিক্ষার্থীদের পুষ্টিকর খাবারের বিষয়ে গুরুত্ব দিতে মাদরাসার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করেন। ইফতার মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন আল ইসরা মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাছুম বিল্লাহ মুহাজির।
সংগঠনটির লালমাই উপজেলা শাখার সভাপতি ডেন্টিস্ট মফিজুল ইসলাম মুন্নার সভাপতিত্বে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন দৈনিক কালেরকন্ঠের কুমিল্লা সদর দক্ষিণ ও লালমাই উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম, লালমাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন, আল ইসরা মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান হাফেজ শামীম আহমেদ, হিফজ বিভাগের শিক্ষক হাফেজ ফাহিম আহমেদ, লালমাই রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক প্রদীপ মজুমদার, আজকের লালমাই অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক নাছির উদ্দিন, বসুন্ধরা শুভসংঘ লালমাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজী ইয়াকুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক রিফাত, সাংগঠনিক সম্পাদক মারুপ সিরাজী, ইভেন্ট সম্পাদক ইয়ামিন, রেন্ট-এ কার ব্যবসায়ী কবির হোসেন ও প্রবাসী আল মামুন দুলাল প্রমুখ।
ইফতারে অংশগ্রহণকারী হিফজ শিক্ষার্থী মিছবাহুল ইসলাম বলেন, আমি পবিত্র কোরআন হিফজ করতেছি। আল ইসরা মাদ্রাসায় শুভসংঘের যত প্রোগ্রাম হয় সবগুলোতেই আমরা থাকি। আমিও একদিন শুভসংঘের সদস্য হয়ে শুভ কাজ করতে চাই।
আল ইসরা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাছুম বিল্লাহ মুহাজির বলেন, সামাজিক সংগঠন অনেক আছে। তবে বসুন্ধরা শুভসংঘ ও তার কার্যক্রম সম্পূর্ণ ব্যতিক্রম। সংগঠনটি সমাজের পিছিয়ে পড়াদের নিয়ে বেশি কাজ করে। পাশাপাশি ইসলামিক জ্ঞান চর্চাকে উৎসাহ দেয় এমন কর্মসূচি পালন করে। তাই বসুন্ধরা শুভসংঘের পরিচালকসহ দায়িত্বশীলদের আলেম সমাজের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।
লালমাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বলেন, অতীতের মতো ভবিষ্যতেও বসুন্ধরা শুভসংঘ সব শুভ কাজে মানুষের পাশে থাকেবে। পবিত্র রমজানকে গুরুত্ব দিয়ে লালমাইয়ে কোরআন হিফজ শিক্ষার্থীদের সম্মানে ইফতার আয়োজন করায় সংগঠনের দায়িত্বশীলদের ধন্যবাদ জানাচ্ছি।
বিডি-প্রতিদিন/তানিয়া