মানিকগঞ্জের হরিরামপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে 'হাম প্রতিরোধে সচেতনতা ও করণীয়' বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ঝিটকা বাজারে রিনি প্লাজায় এ আয়োজন করা হয়।
বসুন্ধরা শুভসংঘ হরিরামপুর উপজেলা শাখার সভাপতি সজিব গুহ মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডা. ইমরান হোসেন।
প্রধান আলোচক ডা. ইমরান হোসেন বলেন, হাম একটি সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা খুব সহজেই একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে পড়ে। শিশু এবং গর্ভবতী নারীদের জন্য এটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। হামের প্রাথমিক লক্ষণ হিসেবে জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হওয়া এবং কয়েকদিন পর সারা শরীরে লালচে ফুসকুড়ি দেখা যায়। অনেক ক্ষেত্রে রোগটি অবহেলা করলে নিউমোনিয়া, ডায়রিয়া কিংবা মস্তিষ্কে সংক্রমণের মতো জটিলতা তৈরি হতে পারে, যা প্রাণঘাতীও হতে পারে।
তিনি আরও বলেন, হামের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ হলো টিকাদান। নির্ধারিত সময় অনুযায়ী শিশুদের টিকা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পাশাপাশি আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং হাঁচি-কাশির সময় সতর্কতা অবলম্বন করাও গুরুত্বপূর্ণ।
আক্রান্ত হলে স্থানীয় ফার্মেসি থেকে নিজেদের মতো ওষুধ কিনে না খেয়ে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। হামের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, তবে উপসর্গ অনুযায়ী চিকিৎসা নিতে হবে বলেও জানান এই চিকিৎসক।
বসুন্ধরা শুভংসংঘের উপদেষ্টা মেহেদী হাসান টুটুল বলেন, বর্তমান সময়ে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। শিশুদের টিকাদান নিশ্চিত করতে হবে এবং হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আমরা যদি সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হই এবং অন্যকেও সচেতন করি, তাহলে খুব সহজেই হামের মতো প্রতিরোধযোগ্য রোগের বিস্তার কমিয়ে আনা সম্ভব।
বসুন্ধরা শুভসংঘ হরিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু সাই (সায়েম খান) এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বসুন্ধরা শুভসংঘ হরিরামপুর উপজেলা শাখার উপদেষ্টা শুভংকর পোদ্দার, মো. সাজ্জাদ হোসেন, সহ-সভাপতি রুমা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শান্ত, দপ্তর সম্পাদক মো. আকাশ প্রমুখ।
বিডি-প্রতিদিন/টিএ