সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বসুন্ধরা শুভসংঘ উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে শিশুদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘তরী’র আওতাধীন, অর্ধশতাধিক শিশুদের মাঝে খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। এ সময় শিশুদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বসুন্ধরা শুভসংঘ জাবি শাখার সাধারণ সম্পাদক সানজিদা খানম বলেন,“সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় নিয়ে আসতে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে কোনো শিশু পিছিয়ে না থাকে।”
শাখার সভাপতি প্রত্যাশা রানী বলেন,“তরীর শিশুদের হাতে পড়াশোনার সামগ্রী তুলে দিতে পেরে আমরা আনন্দিত। নতুন খাতা-কলম পেয়ে তাদের মুখের হাসি আমাদের অনুপ্রেরণা জোগায়। ভবিষ্যতেও আমরা এ ধরনের উদ্যোগ চালিয়ে যাব।”
উল্লেখ্য, ‘তরী’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যার যাত্রা শুরু হয় ২০০৮ সালে। ক্যাম্পাসের একঝাঁক তরুণ-তরুণীর উদ্যোগে প্রতিষ্ঠিত এই সংগঠনটি সুবিধাবঞ্চিত ও শ্রমজীবী শিশুদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। শুরুতে শুধুমাত্র পাঠদানের মাধ্যমে কার্যক্রম শুরু হলেও, বর্তমানে সংগঠনটি শিশুদের জন্য শিক্ষা উপকরণ বিতরণ, পোশাক প্রদান, শীতবস্ত্র সহায়তা, বিনামূল্যে চিকিৎসাসেবা এবং শিক্ষা সফরের মতো নানা কার্যক্রম পরিচালনা করছে।
এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ জাবি শাখার সহ-সভাপতি অনুদীপ সরকার, প্রচার সম্পাদক রিফাত বিন নুর, সাংগঠনিক সম্পাদক পরান চন্দ্র রায়, দপ্তর সম্পাদক কে. এম. জাহিদ বিন খালিদ, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ শরীফ, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক জান্নাতারা ফেরদৌস এলসা, শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক সুমাইয়া আক্তারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
বিডি প্রতিদিন/কামাল