সাইবার অপরাধ ও অনলাইন হয়রানি থেকে সুরক্ষা পেতে সচেতনতার কোনো বিকল্প নেই। এ বাস্তবতাকে সামনে রেখে রাজশাহীতে সাইবার অপরাধ ও এর প্রতিকার বিষয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজশাহী কলেজের ঐতিহ্যবাহী স্বাধীনতা চত্বরে বসুন্ধরা শুভসংঘ রাজশাহী জেলা কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং শুভসংঘের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বসুন্ধরা শুভসংঘ রাজশাহী জেলা কমিটির সভাপতি মো. জুলফিকার আলী হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বর্তমান সময়ে সাইবার অপরাধের ক্রমবর্ধমান ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে নারী ও তরুণদের ওপর এর নেতিবাচক প্রভাবের বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরা হয়।
বক্তারা বলেন, ইন্টারনেট ব্যবহারে সচেতনতার পাশাপাশি অনলাইন হয়রানির শিকার হলে দ্রুত আইনি সহায়তা নেওয়ার বিষয়ে সাধারণ মানুষকে অবহিত করা জরুরি। নিরাপদ সাইবার স্পেস গড়ে তুলতে সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন প্রচেষ্টা জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মোখলেসুর রহমান, বিডি ক্লিন রাজশাহীর বিভাগীয় সমন্বয়ক শাহাদাত হোসাইন, সামাজিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সম্রাট হোসাইন এবং লেখক নাদিম সিনা। তারা সাইবার নিরাপত্তার কারিগরি ও আইনি বিভিন্ন দিক তুলে ধরেন এবং তরুণ সমাজকে সচেতন থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান স্বাক্ষরিত রাজশাহী জেলা শাখার নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পরে মূল আলোচনা পর্ব শুরু হয়। এ সময় সংগঠনের সহ-সভাপতি মো. বানি ইসরাইল ও মো. রাউফ হোসাইন, সাধারণ সম্পাদক সুমাইয়া হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুজ্জামান সবুজ, আনিকা তাহসিন হাবীব ও মো. তানবির সিহাব, সাংগঠনিক সম্পাদক নয়ন বর্মন, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ আহমেদ সাজিদ, মো. আরিফ ইসলাম ও ফারহানা সুলতানা প্রিয়া, অর্থ সম্পাদক তাহসিন শেখ, দপ্তর সম্পাদক এস এম আলফাজ আলী নয়ন এবং নারী বিষয়ক সম্পাদক মোছা. মুশফিকা নাসরিন মুন্নী, ইভেন্ট সম্পাদক মো. গোলাম রাব্বানী সুজন, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ইরাম আজমাইন মুগ্ধ, প্রচার সম্পাদক তানভীর আহমেদ, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মৃন্ময় দাস, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ওমর হোসাইন, ক্রীড়া সম্পাদক আব্দুস সবুর জোহা এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. হিমেল সরকার, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মোছা. সিফা খাতুন, শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক সাদিয়া-তুন-নাহা, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সামিউর রহমান অলি এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক পিয়াস আহমেদ সিয়ামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মো. জুলফিকার আলী হায়দার সকল অতিথি ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, বসুন্ধরা শুভসংঘ সবসময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সাইবার হয়রানিমুক্ত রাজশাহী গড়ে তুলতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সবশেষে একটি নিরাপদ ও সুন্দর ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
বিডি-প্রতিদিন/টিএ