দিনাজপুরের চিরিরবন্দরে আত্মহত্যার বাড়তে থাকা ঘটনা ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয়ভাবে। এই প্রেক্ষাপটে শিক্ষার্থীদের মধ্যে মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়াতে বসুন্ধরা শুভসংঘ চিরিরবন্দর উপজেলা শাখা আয়োজন করেছে একটি সচেতনতামূলক সেমিনার।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় চিরিরবন্দরের সাইতাড়া ইউনিয়নের জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
গত এক বছরে উপজেলাটিতে একাধিক আত্মহত্যার ঘটনা ঘটেছে, যা পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মের জন্য উদ্বেগজনক সংকেত হিসেবে দেখা হচ্ছে। এই পরিস্থিতিতে আত্মহত্যা প্রতিরোধ, মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং সামাজিক সহমর্মিতা বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
সেমিনারে বক্তারা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং কঠিন সময়ে করণীয় বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। পাশাপাশি এ ধরনের উদ্যোগকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তারা সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
বসুন্ধরা শুভসংঘ চিরিরবন্দর উপজেলা শাখার উপদেষ্টা মনিরুজ্জামান রনি সেমিনারটি সঞ্চালনা করেন এবং সভাপতিত্ব করেন জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আল কলম ইউনিভার্সাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ওবায়দুর রহমান, সবুজ। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন লেখক এম জি রফিক, রিয়াজুল মদিনা ইসলামিয়া স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক জুবায়ের রহমান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ চিরিরবন্দর উপজেলা শাখার সভাপতি মোস্তাকিম আল হাসনাত, সাধারণ সম্পাদক শাহারিয়া সরকার, কার্যকরী সদস্য রায়হান রানা, মানবাধিকার পরিষদের চিরিরবন্দর উপজেলা কো অর্ডিনেটর নিলিমা রায়সহ অন্যরা।
বিডি প্রতিদিন/আশিক