হামের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে জনসচেতনতা বৃদ্ধি ও প্রতিকার বিষয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্থানীয় পল্লী অগ্রগতি সংস্থার সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সচেতনতা বাড়াতে একটি র্যালি বের করা হয়।
সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন পল্লী অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক এবং বসুন্ধরা শুভসংঘ পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি মো. সুরুজ হক লিটন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মো. ইশতিয়াক আমিন অলিভ।
এ সময় তিনি বলেন, বর্তমান সরকার হাম প্রতিরোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি হাম শনাক্তকরণ, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যথাযথ চিকিৎসা গ্রহণ এবং এমআর টিকা (হাম-রুবেলা) নেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
এর আগে স্বাগত বক্তব্য দেন দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি ও বাংলাদেশ প্রেসক্লাব পলাশবাড়ী গাইবান্ধার সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মিথুন। তার বক্তব্যে হাম কী, কীভাবে ছড়ায়, কারা বেশি ঝুঁকিতে থাকে, লক্ষণ, আক্রান্ত হলে করণীয় এবং রোগীর যত্ন ও সুরক্ষা বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এতে পলাশবাড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, সাবেক সভাপতি মো. ফজলুল হক দুদু, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মো. আমিরুল ইসলাম কবির, ৭ নম্বর পবনাপুর ইউপির সাবেক চেয়ারম্যান কেএম আনিছুর রহমান মানিক, পল্লী অগ্রগতি সংস্থার প্রোগ্রাম ম্যানেজার মোছা. লিপি খাতুন, গণউন্নয়ন কেন্দ্র পলাশবাড়ী শাখার ম্যানেজার মোছা. রূপসা আক্তার, প্রোগ্রাম ম্যানেজার পারভীন আক্তার এবং পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছা. সাবিনা ইয়াসমিনসহ আরও অনেকে।
সভায় অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠন ও এনজিও প্রতিনিধি, ক্রীড়াবিদসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে সভাপতি মো. সুরুজ হক লিটন উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/কামাল