গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(গোবিপ্রবি) গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) অনুষ্ঠিত বিজ্ঞান বিভাগের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষাকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থীদের দিনব্যাপী নানা কার্যক্রম পরিচালনা করেছে সংগঠনটি। প্রায় পাঁচ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন।
পরীক্ষার দিন সকালে শিক্ষার্থীদের সহায়তায় মাঠে সক্রিয় ছিলেন সংগঠনের সদস্যরা। তারা পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি, স্যালাইন এবং প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি একটি স্বেচ্ছাসেবী টিম শিক্ষার্থীদের নির্ধারিত পরীক্ষা কেন্দ্র ও কক্ষ খুঁজে পেতে সহায়তা করে।
সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম সাব্বির বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষার্থীদের সহায়তা করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতে যারা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, তাদের নিয়েও আমরা সংগঠনের কার্যক্রম আরও জোরদার করব।
পরীক্ষার আগের দিন বৃহস্পতিবার বিকাল থেকেই ক্যাম্পাসে আগত শিক্ষার্থীদের জন্য আবাসনের ব্যবস্থা করেছে বসুন্ধরা শুভসংঘ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের কক্ষে থাকার ব্যবস্থা করার পাশাপাশি তাদের মাঝে রাতের খাবার বিতরণ করা হয়। এছাড়া ক্যাম্পাসে একটি হেল্প ডেস্ক স্থাপন করে তথ্য ও দিকনির্দেশনা প্রদান করা হয়। অভিভাবকদের জন্যও বসার ব্যবস্থা রাখা হয়।
নাটোর থেকে আগত অভিভাবক সামিয়া আক্তার বলেন, আমার মেয়েকে নিয়ে ভর্তি পরীক্ষা দিতে এসে এখানে থাকার ভালো ব্যবস্থা পেয়েছি। বসুন্ধরা শুভসংঘের প্রতি আমি কৃতজ্ঞ।
একজন পরীক্ষার্থী বলেন, আপনাদের সহায়তা না পেলে সময়মতো পরীক্ষায় অংশ নিতে পারতাম না। আপনাদের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
ভর্তি পরীক্ষার সার্বিক কার্যক্রমে অংশ নেন সংগঠনের সভাপতি মুজাহিদুল ইসলাম সাব্বির, সাধারণ সম্পাদক মো. রেজওয়ান, সহ-সভাপতি হুমায়ুন আহমেদ পলক, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ আল নোমান, অর্থ সম্পাদক সামিম হাসান রনি, প্রচার সম্পাদক রিষাদুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।
বিডি প্রতিদিন/কামাল