নওগাঁর বদলগাছী ও ধামইরহাট উপজেলার দরিদ্র ও অসচ্ছল নারীদের স্বপ্নপূরণে পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপ। দেশসেরা সামাজিক সংগঠন বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বসুন্ধরার সহায়তা পেয়ে স্বপ্নপূরণের পথে এক ধাপ এগিয়ে গেলেন দুই উপজেলার সংগ্রামী ৩০ অসচ্ছল নারী। সংসারজীবনে অসহায়, এতিম, বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের চোখে-মুখে ছিল স্বাবলম্বী হওয়ার স্বপ্ন। সুবিধাবঞ্চিত এসব নারীকে বিনামূল্যে তিন মাস সেলাই প্রশিক্ষণ দেয় বসুন্ধরা শুভসংঘ।
এরপর তাঁদের হাতে বসুন্ধরা গ্রুপের উপহার হিসেবে সেলাই মেশিন তুলে দেয় বসুন্ধরা শুভসংঘ। স্বপ্নের সেই সেলাই মেশিন পেয়ে নারীদের চোখে-মুখে ফুটে ওঠে সোনালি স্বপ্ন। ভবিষ্যতে সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনার যুদ্ধে সফল হতে নিরলস চেষ্টার প্রতিশ্রুতি দেন তাঁরা।
তিন মাসের সফল প্রশিক্ষণ শেষে এতিম, বিধবা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়া দরিদ্র পরিবারের নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। বদলগাছী উপজেলার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ গোলাম কিবরিয়া। অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, ডা. মাসুদ রানা, প্রেস ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম দবির ও বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক মোছাদ্দেক হোসেন মূসা। ধামইরহাট উপজেলার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামইরহাট সরকারি এম এম কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সহকারী অধ্যাপক মো. ইউনুছ আলী।
অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. মাহফুজুর রহমান, ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান সাবু, কালের কণ্ঠ নওগাঁ জেলা প্রতিনিধি ফরিদুল করিম তরফদার, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোসা. মারফুয়া, ধামইরহাট থানার উপসহকারী পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার খবির মাহাতো, ধামইরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর মো. রেজাউল করিম মুসা প্রমুখ। দুটি অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি শামীম আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত রাফি, প্রচার সম্পাদক শাহ্ মো. হাসিবুর রহমান হাসিব, বসুন্ধরা ফাউন্ডেশনের সিনিয়র অফিসার মো. মামুন।
বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান শুভেচ্ছা বক্তব্যে পুরো কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, তিন বছর ধরে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ কার্যক্রম চলছে। এরই মধ্যে তিন হাজারের বেশি নারী প্রশিক্ষণ ও সেলাই মেশিন পেয়েছেন। আপনারা যাঁরা সেলাই মেশিন পেলেন, এখন পরিবারকে স্বাবলম্বী করার সংগ্রামে নেমে পড়ুন। কোনো পরিশ্রমই বৃথা যায় না। চেষ্টা করলে অবশ্যই সফল হতে পারবেন। প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পাওয়া নারীদের উদ্দেশে কৃষিবিদ মো. মাহফুজুর রহমান বলেন, ‘আপনারা নিজের মেধা, যোগ্যতা ও সংগ্রাম করে বেঁচে থাকার জন্য একটি অবলম্বন পেলেন। আশা করি, প্রশিক্ষণজ্ঞান কাজে লাগিয়ে নিজের এবং পরিবারের ভাগ্য পরিবর্তন করতে পারবেন।’