পটুয়াখালীর গলাচিপায় জাটকা ও মা ইলিশ নিধন রোধে সচেতনতা বাড়াতে বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক সভা ও পোস্টার প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার পানপট্টি লঞ্চঘাট এলাকার ট্রলার ঘাটে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে জেলে, ব্যবসায়ী ও স্থানীয়রা অংশ নেন।
সভায় বক্তারা জাটকা নিধন বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, জাটকা ও মা ইলিশ নির্বিচারে নিধন চলতে থাকলে ইলিশের প্রজনন ও উৎপাদন ব্যাহত হবে। এতে ক্ষতিগ্রস্ত হবে এই পেশার সঙ্গে জড়িত হাজারো মানুষ এবং দেশের মৎস্যসম্পদ হুমকির মুখে পড়বে।
প্রধান অতিথির বক্তব্যে গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, জাটকা ও মা ইলিশ নিধন বন্ধ না হলে ইলিশের উৎপাদন কমে যাবে। এক সময় দেশে ইলিশ উৎপাদন প্রায় ২০ লাখ টন থেকে কমে ২ লাখ টনে নেমে এসেছিল। বর্তমানে বিভিন্ন সংরক্ষণ কার্যক্রমের ফলে উৎপাদন কিছুটা বেড়েছে, তবে জাটকা নিধন পুরোপুরি বন্ধ না হওয়ায় এই জাতীয় সম্পদ এখনও ঝুঁকিতে রয়েছে।
বক্তারা আরও জানান, কিছু অসাধু জেলে কারেন্ট ও মশারি জালসহ অবৈধ জাল ব্যবহার করে অবাধে জাটকা নিধন করছে। অথচ জাটকাকে বড় হতে দিলে তা থেকে কয়েকগুণ বেশি ওজনের পূর্ণাঙ্গ ইলিশ পাওয়া সম্ভব। তাই ইলিশ সম্পদ রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সংগঠনের উপজেলা শাখার আহ্বায়ক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. তরিকুল ইসলাম মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমন্বয়ক ও কালের কণ্ঠের গলাচিপা প্রতিনিধি সাইমুন রহমান এলিট এবং নাগরিক টিভির গলাচিপা প্রতিনিধি মো. হুজ্জাতুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মো. হেমায়েত হোসেন মাস্টার, মো. আনোয়ার হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ল্যাব সহকারী মো. সাজমুল ইসলাম, স্থানীয় মৎস্য ব্যবসায়ী হাজী মো. অহিদুল ইসলাম ও মো. দুলাল মাঝিসহ অনেকে।
আয়োজকরা জানান, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এর সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে এবং অন্যদেরও সচেতন করতে এগিয়ে আসতে হবে।
বিডি প্রতিদিন/কামাল