দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছিলেন চট্টগ্রামের জাহানারা বেগম। পরিবারের সীমিত সামর্থ্যের কারণে তার প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছিল না। এমন সংকটময় মুহূর্তে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ পটিয়া উপজেলা শাখা।
রবিবার জাহানারা বেগমকে এ চিকিৎসা সহায়তা তুলে দেওয়া হয়, যা তার চিকিৎসা চালিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন পটিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বসুন্ধরা শুভসংঘ পটিয়া শাখার উপদেষ্টা আবদুল হাকিম রানা, বৃহত্তর চট্টগ্রাম শাখার সভাপতি এস এম এ জুয়েল, সদস্য মো. কাউসার, পটিয়া উপজেলা শুভসংঘের সহসভাপতি মো. পারভেজ, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহীম, সমাজকল্যাণ সম্পাদক মো. আনিস, শুভার্থী বন্ধু রেজোয়ানুল হক আলমদার, ফারুকর রহমান বিনজু, কামরুল ইসলাম এবং সাবেক কৃষি কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম।
আবদুল হাকিম রানা বলেন, ‘জাহানারা বেগমের মতো অসংখ্য মানুষ আমাদের সমাজে নীরবে কষ্ট সহ্য করে যাচ্ছেন। তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। বসুন্ধরা শুভসংঘ সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।’
এস এম এ জুয়েল বলেন, ‘দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষের চিকিৎসা অনেক ব্যয়বহুল। তাই সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এগিয়ে আসা প্রয়োজন। সম্মিলিত উদ্যোগেই আমরা একটি মানবিক সমাজ গড়ে তুলতে পারি।’
চিকিৎসা সহায়তা পেয়ে আবেগাপ্লুত জাহানারা বেগম বলেন, ‘আমি অনেকদিন ধরে অসুস্থ। চিকিৎসা করাতে পারছিলাম না। আজ বসুন্ধরা শুভসংঘ আমার পাশে দাঁড়িয়েছে, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন।’
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই জাহানারা বেগমের দ্রুত সুস্থতা কামনা করেন এবং ভবিষ্যতে তার চিকিৎসা সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।
বিডি-প্রতিদিন/এমই