সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সুস্থ বিকাশ ও পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ কদমতলী থানা শাখার উদ্যোগে রাজধানীর রায়েরবাগ এলাকায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (১৫মে) কাজী মাজেদুল ইসলাম হাফেজীয়া মাদ্রাসা ও এতিমখানায় আয়োজিত এ কর্মসূচিতে এতিম শিশুদের পুষ্টিকর খাবারের গুরুত্ব নিয়ে সচেতনতা বাড়াতে এবং প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের এ বিষয়ে আরও যত্নবান হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি কোমলমতি শিশুদের পুষ্টিকর খাবারের ব্যবস্থা নিশ্চিত করতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিকর খাবারের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নিয়মিত পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা একটি মানবিক দায়িত্ব। একটি সুস্থ প্রজন্ম গড়ে তুলতে সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের আরও এগিয়ে আসার প্রয়োজন রয়েছে।
বসুন্ধরা শুভসংঘ ঢাকা মহানগরের সমন্বয়ক আবদুল হান্নান মিলটনের সার্বিক নির্দেশনা ও উপস্থিতিতে অনুষ্ঠানটি বাস্তবায়ন করেন সংগঠনের কদমতলী থানা শাখার সভাপতি আইনুল রহমান ও সাধারণ সম্পাদক লাবিব হাসান। এ সময় মাদ্রাসা ও এতিমখানার দায়িত্বপ্রাপ্ত মাওলানা মুফতি আবদুল কাইয়ুম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আবদুল হান্নান মিলটন বলেন, “এতিম শিশুদের প্রতি ভালোবাসা, যত্ন ও দায়িত্ববোধ আমাদের মানবিকতার অন্যতম বড় পরিচয়। শুধু সহানুভূতি নয়, তাদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য প্রয়োজন নিয়মিত পুষ্টি ও সঠিক পরিচর্যা। শুভসংঘ সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
এতে সংগঠনের সহ-সভাপতি সাইফুল মুন্সী, সহ-সাধারণ সম্পাদক রওনক, সাংগঠনিক সম্পাদক সিহাব হোসেন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শাহীন রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের মৌলিক চাহিদা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।
বিডি প্রতিদিন/আরকে