পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে পাবনার সুজানগরে বৃক্ষরোপণ অভিযান ও সচেতনতামূলক ক্যাম্পেইন করেছে বসুন্ধরা শুভসংঘ। শনিবার (১৬ মে) উপজেলার ভবানীপুর বাগানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক ফিরোজা খাতুন, সহকারী শিক্ষক বিজয় কুমার ও মো. ইয়াকুব আলী উপস্থিত ছিলেন। এছাড়াও চরসুজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বসুন্ধরা শুভসংঘ–এর উপদেষ্টা এবং উপজেলার স্কাউট কমিশনার আবুল কালাম আজাদ অংশ নেন।
ক্যাম্পেইনে পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যে “গাছ লাগাই, পরিবেশ বাঁচাই” স্লোগান তুলে ধরা হয়। একই সঙ্গে গাছের পরিচর্যা এবং প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
এ সময় সুজানগর উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি ও সুজানগর উপজেলা পোস্টমাস্টার মো. আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন মাস্টার, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আব্দুর রব, আব্দুল গণিসহ স্থানীয় সমাজসেবক এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বৃক্ষের চারা পেয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা জানান, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে এমন কর্মসূচি অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/আরকে