সাহিত্যচর্চা, মুক্তচিন্তা ও মননশীল আলোচনার পরিবেশ তৈরির লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রাণবন্ত পাঠচক্র। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল প্রখ্যাত সাহিত্যিক আহমদ ছফা রচিত বহুল আলোচিত গ্রন্থ ‘গাভী বৃত্তান্ত’।
রবিবার (১৭ মে) আয়োজিত এ পাঠচক্রে অংশ নেন সংগঠনের সদস্য, শিক্ষার্থী, সাহিত্যপ্রেমী তরুণ এবং বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা। পাঠচক্রে বইটির সামাজিক বাস্তবতা, রাজনৈতিক ব্যঞ্জনা, মানবিক দৃষ্টিভঙ্গি ও লেখকের তীক্ষ্ণ চিন্তাধারা নিয়ে গভীর আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় বক্তারা বলেন, ‘গাভী বৃত্তান্ত’ কেবল একটি সাহিত্যকর্ম নয়; এটি সমাজ ও মানুষের অন্তর্গত নানা সংকট, দ্বন্দ্ব এবং বাস্তবতার এক শক্তিশালী প্রতিচ্ছবি। বইটির প্রতিটি চরিত্র ও ঘটনাপ্রবাহ পাঠকদের নতুনভাবে চিন্তা করতে শেখায় এবং সমাজ-বাস্তবতা উপলব্ধিতে সহায়তা করে।
পাঠচক্রে অংশগ্রহণকারীরা সাহিত্যচর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান সময়ে তরুণদের মাঝে বই পড়ার অভ্যাস এবং গঠনমূলক আলোচনার পরিবেশ সৃষ্টি অত্যন্ত জরুরি। এমন আয়োজন তরুণ সমাজকে ইতিবাচক চিন্তা, জ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধের দিকে আরও উৎসাহিত করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠগৃহ ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা পরিচালক ইসতাক আহমেদ তারেক। বিশেষ পাঠক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ আইডিয়াল কলেজের প্রভাষক রাকিবুল ইসলাম। পুরো পাঠচক্র পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন ফারজানা মিনি সুস্মিতা, বিতার্কিক ও স্বেচ্ছাসেবক, আনন্দমোহন ডিবেটিং ক্লাব। সার্বিক সহায়তায় ছিলেন মাহফুজা নুসরাত শোভা, স্বেচ্ছাসেবক ও বিতার্কিক, আনন্দমোহন ডিবেটিং ক্লাব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি নাফিউল হাসান মুবিন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘‘বই মানুষের চিন্তাকে আলোকিত করে এবং সমাজকে ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে নিতে সহায়তা করে। তরুণদের মাঝে পাঠাভ্যাস গড়ে তোলা এবং মুক্তচিন্তার পরিবেশ সৃষ্টি করতে নিয়মিত এমন পাঠচক্রের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ধর্ম বিষয়ক সম্পাদক শাহ আলম জীবন, প্রচার সম্পাদক আনিতুর রহমান সাদি, কার্যকারী সদস্য নাবিলা কামাল, মম রানী সরকার, সংগঠনের অন্যান্য কার্যকারী সদস্য, পাঠগৃহ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক সাদিয়া তাসনিম হৃদি, ফারজানা আক্তার স্মৃতি, নুসরাত জাহান সাদিয়া, মো শাহ আলম জীবন, মো. রাফিউল করিম রিসাত, মোছা. সুমা আক্তার, সিহাব সারোয়ার নিরব, ফারদিন হাসান অভি, সুমাইয়া সাদি ও আব্দুল্লাহ আল মামুন।
পাঠচক্রের বিশেষ আকর্ষণ ছিল অংশগ্রহণকারীদের মাঝে বই উপহার প্রদান। আলোচনা, পাঠ বিশ্লেষণ ও সক্রিয় অংশগ্রহণের ভিত্তিতে বসুন্ধরা শুভসংঘ ময়মনসিংহ জেলা শাখার পক্ষ থেকে তিনজনকে ‘শ্রেষ্ঠ পাঠক’ হিসেবে সম্মাননা স্বরূপ তিনটি বই উপহার দেওয়া হয়। এতে ময়মনসিংহ আইডিয়াল কলেজের প্রভাষক রাকিবুল ইসলাম, ময়মনসিংহ নার্সিং কলেজের শিক্ষার্থী মোছা. সুমা আক্তার এবং নাসিরাবাদ কলেজের শিক্ষার্থী ফারজানা আক্তার স্মৃতি পুরস্কার পান।
আয়োজকরা জানান, বই উপহারের মাধ্যমে তরুণদের মাঝে পাঠাভ্যাস, জ্ঞানচর্চা ও সাহিত্যপ্রেম আরও বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদী। অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিল পাঠগৃহ ফাউন্ডেশন।
বিডি প্রতিদিন/আরকে