জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদীকে সন্ত্রাসীদের গুলিবিদ্ধ করার ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ইনকিলাব মঞ্চের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোরে দোয়া মাহফিল হয়। পরে শিক্ষার্থীরা ঢাকা-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে লাইব্রেরি গেট হয়ে পুনরায় গ্রাউন্ডফ্লোরে এসে মিছিল শেষ করে।
শিক্ষার্থীরা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিতের দাবি জানান। একইসঙ্গে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীকে সন্ত্রাস দমনে তাৎক্ষণিক কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি তোলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদী রাজপথের সহযোদ্ধা ওসমান হাদীকে লক্ষ্য করে হত্যাচেষ্টা হয়েছে। আমরা এর কঠোর প্রতিবাদ জানাই। টার্গেট কিলিংয়ের এ ষড়যন্ত্রে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ইন্টেরিম সরকারকে এর জবাব দিতে হবে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দল-মত নির্বিশেষে দেশ গড়ার যে প্রত্যয় নিয়েছি, তা ব্যাহত করতে ভারতীয় ইন্ধনে একটি গোষ্ঠী এ হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।
ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আমিনুল ইসলাম বলেন, ৫৬ হাজার বর্গমাইলের শ্রেষ্ঠ কমান্ডার ওসমান হাদিকে হত্যার অপচেষ্টার দাঁতভাঙা জবাব দেওয়া হবে। কোনো আধিপত্যবাদ সহ্য করা হবে না। পাশের দেশকে হুঁশিয়ার করছি—প্রশাসনের সঙ্গে আতাত করে অস্থিরতা ছড়ানোর অপচেষ্টা করলে জুলাই যোদ্ধারা মেনে নেবে না।
ইনকিলাব মঞ্চের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আতিক আব্দুল্লাহ বলেন, এক হাদিকে হত্যা করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠস্বরকে স্তব্ধ করা যাবে না। আমাদের মধ্য থেকেই অসংখ্য হাদির জন্ম হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ