জরুরি মুহূর্তে দ্রুত ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘আপন অ্যাপ’ নামের একটি ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম চালু করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
রবিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবি শাখা ছাত্রদল সভাপতি রাহাত জামান।
তিনি জানান, বিশেষভাবে তৈরি এই অ্যাপের মাধ্যমে সহজেই রক্তদাতা খোঁজা, নিকটস্থ ডাক্তারের চেম্বারের তথ্য এবং অ্যাম্বুলেন্স সেবা পাওয়া যাবে। ব্যবহারকারীদের উৎসাহিত করতে অ্যাপে যুক্ত করা হয়েছে গ্যামিফিকেশন ব্যাজ সুবিধা। পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের অ্যাপয়েন্টমেন্ট ফি ও রেটিং দেখে রোগীরা সহজেই প্রয়োজনীয় চিকিৎসক নির্বাচন করতে পারবেন।
অ্যাপটি ব্যবহার করতে রেজিস্টার্ড ইউজার হিসেবে রক্তদাতারা নিজেদের নাম অন্তর্ভুক্ত করার পাশাপাশি এলাকার ভালো চিকিৎসকদের চেম্বারের তথ্য ম্যাপে যুক্ত করতে পারবেন। একই সঙ্গে স্থানীয় অ্যাম্বুলেন্স পরিষেবাগুলোর যোগাযোগের তথ্য ও ভাড়া তালিকাভুক্ত করার সুবিধাও থাকছে।
এ বিষয়ে রাহাত জামান বলেন, ‘জরুরি অবস্থায় এক মিনিটের দেরিও জীবনের ঝুঁকি বাড়ায়। সেই সংকটময় সময়ে রোগীর পাশে দাঁড়াতেই আমরা ম্যাপভিত্তিক স্বাস্থ্যসেবা অ্যাপ ‘আপন’ চালু করেছি। এটি রোগীদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হবে বলে আমরা আশাবাদী।’