বিশেষ বৃত্তি নীতিমালার পুনর্বিন্যাস ও সংশোধনসহ তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে আস সুন্নাহ মেধাবী প্রকল্পের শিক্ষার্থীরা।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে এ কর্মসূচি পালন করেন তারা। দুপুর সাড়ে ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করছে।
এ সময় শিক্ষার্থীরা ‘হল না প্রকল্প, প্রকল্প প্রকল্প’ আমাদের অধিকার আমাকে দাও, নইলে গদি ছাইড়া দাও’ বৃত্তি না মুলা, ‘বৃত্তি বৃত্তি’ সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেয়।
তিন দফা দাবির বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থী হিসাববিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের বনি ইয়ামিন শাহরিয়ার বলেন, এটি আমাদের পূর্বঘোষিত কর্মসূচি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে। দ্রুত সময়ের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো—
১. আস সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত ‘মেধাবী প্রজেক্ট’–এ অবস্থানরত শিক্ষার্থীদেরকে সাধারণ শিক্ষার্থীর ন্যায় আবাসন বৃত্তি নীতিমালায় অন্তর্ভুক্ত করা।
২. আস সুন্নাহে অবস্থান করা শিক্ষার্থীরা কেন বিশ্ববিদ্যালয়ের বৃত্তি থেকে বঞ্চিত হবে এর যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে।
৩. ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা ন্যায্য, যুক্তিসংগত এবং নিশ্চিতভাবে প্রয়োগ করতে হবে, আবাসন বৃত্তিকে ‘মেধাভিত্তিক’ না করে ‘প্রয়োজনভিত্তিক’ রাখার লক্ষ্যে সিলেকশন মানদণ্ডে আরোপিত ৭০% উপস্থিতি ও সিজিপিএ-নির্ভর শর্ত বাতিল করা ও রি-অ্যাডমিশন (Re-admission)–সংক্রান্ত শর্ত সম্পূর্ণরূপে বাতিল করা।
বিডি-প্রতিদিন/জামশেদ