জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে বাদ যাওয়া ৯ জন ফিরে পেলো প্রার্থিতা।
সোমবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা ২০২৫ এর ১৭ নং বিধি অনুযায়ী গঠিত ‘অভিযোগ ও নিষ্পত্তি কমিটি’ সাতজন প্রার্থীর বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে রিপোর্ট প্রদান করায় ও একজন প্রার্থীর ডোপ টেস্ট সংক্রান্ত অভিযোগের বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃক উক্ত অভিযোগ প্রমাণিত নয় মর্মে রিপোর্ট প্রদান করায় এবং একজন প্রার্থীর ডোপ টেস্টের রিপোর্ট সংক্রান্ত জটিলতার মীমাংসা হওয়ায় ৯ জনের প্রার্থিতা পুনর্বহাল করা হলো।
তারা হলেন-সহ-সভাপতি পদপ্রার্থী চন্দন কুমার দাস, সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. শাহিন মিয়া, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোসা. উম্মে মাবুদা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদপ্রার্থী মো. তানভীর মাহমুদ (শিহাব), আইন ও মানবাধিকার সম্পাদক পদপ্রার্থী অর্থা দাস, ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী মো. তাসনিমুল হাসান, নির্বাহী সদস্য পদপ্রার্থী মো. আরিফুল ইসলাম আরিফ ও মনিরুজ্জামান (মনির)।
এর আগে, ১১ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে (জকসু) ২১ পদে ১৫৬ ও হল শিক্ষার্থী সংসদের ১৩ পদের বিপরীতে ৩৩ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় ও হল শিক্ষার্থী সংসদে ৩৪ পদের বিপরীতে ১৮৯ জন চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। এতে চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে ৪২ জন প্রার্থী। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ৩৮ ও হল শিক্ষার্থী সংসদে ৪ জন।
এছাড়া গত দু’দিনে ৮ জন প্রার্থিতা প্রত্যাহার করেন। আজ নতুন করে ৯ জন প্রার্থিতা ফিরে পায়। সবমিলিয়ে জকসুতে ৩৪ পদে ১৯০ জন চূড়ান্ত প্রার্থী ভোটে লড়াই করবেন।
বিডি প্রতিদিন/এমআই