রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রাচ্যকলা, চিত্রকলা ও ছাপচিত্র বিভাগে নিয়োগ পরীক্ষায় যৌক্তিক মূল্যায়নে অনিয়মের অভিযোগ উঠেছে। এতে বিতর্কিত প্রশ্নপত্র বাতিল ও পুনর্মূল্যায়নসহ পাঁচ দফা দাবি জানান বঞ্চিত শিক্ষার্থীরা।
সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এসব দাবি জানানো হয়।
তাদের অন্য দাবিগুলো হলো- শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত, প্রাক্টিক্যালভিত্তিক বিষয়ে যৌক্তিক নম্বর বণ্টন নিশ্চিত করা, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে প্র্যাক্টিক্যাল-কেন্দ্রিক নিয়োগ নীতিমালা প্রণয়ন ও চারুকলা শিক্ষার মান-মর্যাদা রক্ষায় কার্যকর প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা।
শিক্ষার্থীদের অভিযোগ, চারুকলা শিক্ষা কার্যক্রম একটি সম্পূর্ণ ব্যবহারিক ও সৃজনশীল বিষয় হলেও শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৮৫ শতাংশ নম্বর থিওরি এবং মাত্র ১৫ শতাংশ প্র্যাক্টিক্যাল নির্ধারণ করা হয়েছে। এই অসম ও অযৌক্তিক নম্বর বণ্টনের ফলে শিল্পীসত্তা, সৃজনশীলতা ও ব্যবহারিক দক্ষতার যথাযথ মূল্যায়ন হয়নি। এ পদ্ধতিতে শিক্ষক নিয়োগ হলে চারুকলা শিক্ষার গুণগত মান ও মর্যাদায় ঝুঁকির সৃষ্টি হবে। অবিলম্বে নিয়োগ পরীক্ষার পুনর্মূল্যায়ন চান তারা।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দিন বলেন, শিক্ষক নিয়োগের কার্যক্রম স্বচ্ছতার সঙ্গেই সম্পন্ন করছে প্রশাসন। যদি কোনো অভিযোগ থাকে সেটা খতিয়ে দেখা হবে।
বিডি প্রতিদিন/কেএইচটি