যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টা ৩৩ মিনিটে প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। সকাল ৮টায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বিজয় দিবসের শুভেচ্ছা জানান।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর, আবাসিক হলের প্রভোস্টসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর শিক্ষক সমিতি, মহিলা ক্লাব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর সহ-সভাপতি আব্দুর রশিদ জিতু ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে জাকসুর নেতৃবৃন্দ, বিভিন্ন হল প্রাধ্যক্ষ, ছাত্রসংগঠন ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা পর্যায়ক্রমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, বিজয় দিবস আমাদের মুক্তি, স্বাধীনতা এবং জাতি হিসেবে আত্মপরিচয়ের এক গর্বের দিন। এই দিনে আমাদের শপথ নিতে হবে দেশের সার্বভৌমত্ব রক্ষা, ঐক্য বজায় রাখা এবং বৈষম্যমুক্ত ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার।
তিনি আরও বলেন, বিভাজনের রাজনীতি থেকে মুক্ত থেকে সবার আগে দেশ ও জনগণের কল্যাণে কাজ করাই হোক মহান বিজয় দিবসে আমাদের অঙ্গীকার।
এদিকে, দিবসটি উপলক্ষে জাকসুর উদ্যোগে সকাল ১০টায় বিজয় র্যালি এবং মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন ও চিত্র প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে, সকাল ৭টায় জাকসুর ক্রীড়া সম্পাদক মাহামুদুল হাসান কিরণের উদ্যোগে সাড়ে সাত কিলোমিটারব্যাপী ‘বিজয় দিবস দৌড়’ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় খেলার মাঠে উপাচার্য কাপ হ্যান্ডবল (ছাত্রী) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় বেগম সুফিয়া কামাল হল ৫-৩ গোলে নওয়াব ফয়জুন্নেসা হলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে উপাচার্য বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এছাড়া, বিজয় দিবস উপলক্ষে ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে বিকাল সাড়ে ৫টায় এবং শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের আয়োজনে সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি বিজয় দিবস উপলক্ষে আবাসিক হলগুলোতে প্রশাসনের পক্ষ থেকে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থাও করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ