রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আধিপত্যবাদবিরোধী আন্দোলনে নিহত আবরার ফাহাদ ও শরীফ ওসমান হাদির স্মরণে দুটি একাডেমিক ভবনের নাম ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।
সোমবার বিকেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩-এর নাম পরিবর্তন করে ‘শহীদ শরীফ ওসমান হাদি ভবন’ এবং একাডেমিক ভবন-২-এর নাম ‘শহীদ আবরার ফাহাদ একাডেমিক ভবন’ ঘোষণা করেন। এ সময় সংশ্লিষ্ট ভবনে ব্যানার টানিয়ে নামফলক উন্মুক্ত করা হয়।
প্রসঙ্গত, আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলে পিটিয়ে হত্যা করা হয়। অন্যদিকে, চলতি বছরের ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। পরে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ সময় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আহমাদুল হক আলবীর বলেন, বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি অর্জনের জায়গা নয়; এখান থেকেই ন্যায়বোধ, প্রতিবাদ ও মানবিকতার শিক্ষা ছড়িয়ে পড়ে। ভবনের নামকরণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই বার্তাই পৌঁছে দিতে চান তারা।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, শহীদ আবরার ফাহাদ ও শহীদ শরীফ ওসমান হাদি দুজনই ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে জীবন দিয়েছেন। দেশের প্রতি তাদের ভালোবাসা ও সংগ্রামের চেতনা আজ জাতির সম্পদে পরিণত হয়েছে। সেই স্মৃতি ও চেতনাকে ধরে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/সুজন