চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত এই ইউনিটে পাসের হার ৫২ দশমিক ৩৯ শতাংশ।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক শামীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন।
‘এ’ ইউনিটে মোট আসন রয়েছে ১ হাজার ৯৩টি। এসব আসনের বিপরীতে উত্তীর্ণ হয়েছেন ৪১ হাজার ৬০৯ জন ভর্তিচ্ছু। মেধা তালিকায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থী পেয়েছেন ৯০ দশমিক ৬৫ নম্বর।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়েছে। বিস্তারিত ফল জানতে পরীক্ষার্থীদের নিজ নিজ প্রোফাইলে লগইন করতে বলা হয়েছে।
এর আগে গত ২ জানুয়ারি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবারের ভর্তি কার্যক্রম শুরু হয়। এ ইউনিটে ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম—এই তিনটি কেন্দ্রে মোট ৮৭ হাজার ৬৯৪ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৭৯ হাজার ৪১০ জন।
কেন্দ্রভিত্তিক উপস্থিতির হার অনুযায়ী, ঢাকা কেন্দ্রে উপস্থিতি ছিল ৮৯ দশমিক ৬০ শতাংশ, রাজশাহী কেন্দ্রে ৯০ দশমিক ৫০ শতাংশ এবং চট্টগ্রাম কেন্দ্রে সর্বোচ্চ ৯৩ দশমিক ৩৩ শতাংশ। সব কেন্দ্র মিলিয়ে গড় উপস্থিতির হার দাঁড়ায় ৯০ দশমিক ৫৯ শতাংশ।
মোট আবেদনের হিসাবে ‘এ’ ইউনিটে প্রতিটি আসনের বিপরীতে প্রতিযোগিতা করেছেন গড়ে প্রায় ৮০ জন শিক্ষার্থী।
বিডি-প্রতিদিন/জামশেদ