ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিজনেস স্টাডিজ অনুষদ এবং দৈনিক বণিক বার্তার যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী ৯ম নন-ফিকশন বইমেলা শুরু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে এ বইমেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইমেলার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বণিক বার্তার সহকারী সম্পাদক বদরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম, ডাকসুর ভিপি সাদিক কায়েম, ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, অ্যার্ডন পাবলিকেশনের প্রকাশক সৈয়দ জাকির হোসাইন এবং আদর্শ পাবলিকেশনের প্রকাশক মাহবুবুর রহমান।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রাকিবুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন প্রকাশনা ও গবেষণা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, বই কেনা ও পড়ার পাশাপাশি নতুন জ্ঞান সৃষ্টি ও বিতরণে এ ধরনের বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমাজের মেলবন্ধন তৈরিতেও বইমেলা সহায়ক। তিনি নন-ফিকশন বইমেলার আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের বই পড়ার আগ্রহ বাড়াতে এই মেলা সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থাসহ দেশের ৩৯টি প্রকাশনা সংস্থার স্টলে সাজানো হয়েছে ৯ম নন-ফিকশন বইমেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। আগামী ১২ জানুয়ারি বইমেলা শেষ হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল