শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করবেন গড়ে প্রায় ৫৩ জন শিক্ষার্থী।
সোমবার ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. আহমেদ কবির চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এ বছর ‘এ’ ইউনিটে মোট ৯৮৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫২ হাজার ৮২৩ জন শিক্ষার্থী। সে হিসাবে প্রতি আসনে প্রতিযোগিতা করছেন ৫৩ দশমিক ৬৩ জন ভর্তিচ্ছু। এর মধ্যে এ-১ (বিজ্ঞান) ইউনিটে ৯৫৫টি এবং এ-২ (বিজ্ঞান ও আর্কিটেকচার) ইউনিটে ৩০টি আসন রয়েছে।
আগামীকাল বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ঢাকা ও সিলেটের মোট ১৮টি কেন্দ্রে এ-১ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ-১ ইউনিটের পরীক্ষা শেষে শাবিপ্রবি ক্যাম্পাসে এ-২ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
এ-১ ইউনিটে ঢাকার কেন্দ্রগুলোতে অংশ নেবেন ৪৩ হাজার ২৩৭ জন এবং সিলেটের কেন্দ্রগুলোতে অংশ নেবেন ৯ হাজার ৫৮৬ জন পরীক্ষার্থী।
ঢাকায় পরীক্ষাকেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ নীলক্ষেত উচ্চ বিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ (বুয়েট), ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজ, গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজ, বিটিসিএল আইডিয়াল স্কুল, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল, রায়হান স্কুল অ্যান্ড কলেজ ও মগবাজার গার্লস হাইস্কুল।
সিলেটে শাবিপ্রবি ক্যাম্পাস ছাড়াও পাটানতুলা জামেয়া, মিরাবাজার জামেয়া, অগ্রগামী গার্লস হাইস্কুল ও আম্বরখানা মহিলা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৪ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। বি ইউনিটে ৫৮১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২২ হাজার ২৭২ জন। সে হিসাবে প্রতি আসনে প্রতিযোগিতা করবেন প্রায় ৩৮ জন শিক্ষার্থী।
বিডি-প্রতিদিন/সুজন