সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বই উন্মোচন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন।
বুধবার সোয়া ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তার শোক বাণীতে স্বাক্ষরের মধ্য দিয়ে শোক বই সকলের জন্য উন্মুক্ত করেন।
উপাচার্য তার শোক বাণীতে বলেন, “বাংলাদেশের সাবেক ৩ বার নির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি গুরুত্বপূর্ণ একজন অভিভাবক ও রাষ্ট্রনায়ককে হারালো। স্বৈরাচার বিরোধী আন্দোলনে জনসাধারণের কাছ থেকে ‘আপোসহীন দেশনেত্রী’ উপাধি লাভ করা বেগম খালেদা জিয়ার মৃত্যু ইতিহাসের এক কিংবদন্তির প্রস্থান। এই শূন্যতা কোনো দিন পূরণ হবার নয়। তিনি ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। একজন সাধারণ গৃহবধূ থেকে সময়ের প্রয়োজনে হয়ে উঠেন কোটি কোটি মানুষের নেত্রী। বেগম খালেদা জিয়া স্বপ্নে আকাঙ্ক্ষায় উদার, গণতান্ত্রিক চেতনা লালন করেছেন। রাজনীতির পথ চলায় তিনি দেশ, মাটি ও মানুষের অধিকার আদায়ে অবিচল ছিলেন।”
এসময় উপাচার্যের স্বাক্ষরের পর উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুর রব, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. শামছুল আলম, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, মহিলা ক্লাবের সভানেত্রী ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক কামরুন নেছা খন্দকারসহ বিভিন্ন বিভাগের শিক্ষকগণ শোক বইয়ে স্বাক্ষর করেন।
বিডি প্রতিদিন/আরাফাত