প্রয়াত বিএনপির চেয়ারপারসন ও দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বই উন্মোচন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুর সোয়া ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান শোক বাণীতে স্বাক্ষরের মাধ্যমে শোক বইটি সবার জন্য উন্মুক্ত করেন।
শোক বাণীতে উপাচার্য বলেন, বাংলাদেশের সাবেক তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন গুরুত্বপূর্ণ অভিভাবক ও রাষ্ট্রনায়ককে হারাল। স্বৈরাচারবিরোধী আন্দোলনে জনসাধারণের কাছ থেকে ‘আপসহীন দেশনেত্রী’ উপাধি পাওয়া বেগম খালেদা জিয়ার মৃত্যু ইতিহাসের এক কিংবদন্তির প্রস্থান। এই শূন্যতা কোনো দিন পূরণ হবার নয়। তিনি ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক।
তিনি আরও বলেন, একজন সাধারণ গৃহবধূ থেকে সময়ের প্রয়োজনে বেগম খালেদা জিয়া হয়ে উঠেছিলেন কোটি কোটি মানুষের নেত্রী। বেগম খালেদা জিয়া স্বপ্ন ও আকাঙ্ক্ষায় উদার ছিলেন এবং গণতান্ত্রিক চেতনা লালন করেছেন। রাজনীতির পথচলায় তিনি দেশ, মাটি ও মানুষের অধিকার আদায়ে অবিচল ছিলেন।
উপাচার্যের স্বাক্ষরের পর শোক বইয়ে স্বাক্ষর করেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, মহিলা ক্লাবের সভানেত্রী ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক কামরুন নেছা খন্দকারসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ