কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো ২০২৫-২৬ শিক্ষাবর্ষে পিএইচডি প্রোগ্রামে ১৩ জন শিক্ষার্থীকে ভর্তির জন্য সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার উপাচার্য প্রফেসর ড. মো. হায়দার আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত ৯১তম একাডেমিক কাউন্সিল সভায় এ সুপারিশ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য মোট ২৪ জন শিক্ষার্থী আবেদন করে, তারমধ্যে ১৩ জনকে ভর্তির জন্য সুপারিশ করা হয়েছে। ৬টি বিভাগের মধ্যে রসায়ন বিভাগে ১ জন, ফার্মেসি বিভাগে ১ জন, ইংরেজি বিভাগে ৪ জন, বাংলা বিভাগে ৩ জন, অর্থনীতি বিভাগে ২ জন, সিএসই বিভাগে ২ জন শিক্ষার্থীকে ভর্তির জন্য সুপারিশ করা হয়েছে।
উল্লেখ্য, গত বছর ১৫ সেপ্টেম্বর ৮৯তম একাডেমিক কাউন্সিল সভায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১২টি বিভাগে পিএইচডি প্রোগ্রাম চালুর সুপারিশ করা হয়েছিল। এর ধারাবাহিকতায় এবার প্রথমবারের মতো পিএইচডি প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হলো।
বিডি-প্রতিদিন/তানিয়া