রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ সেশনে স্নাতক প্রথমবর্ষ সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে কেন্দ্রে অসদুপায় অবলম্বনের অভিযোগে দুজনের পরীক্ষা বাতিল হয়েছে। তারা হলেন দিব্য জ্যোতি সাহা ও শামস আজমাইন।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. গিয়াস উদ্দিন জানান, অভিযুক্ত দুজনেই পরীক্ষা কেন্দ্রে ফোনসহ প্রবেশ করেন। ফলে দায়িত্বরত শিক্ষক তাদের শনাক্ত করলে তাদের আটক করা হয়। তবে দিব্য প্রশ্ন বাইরে কোথাও শেয়ার করেননি। নিজেই এআই ব্যবহার করে উত্তর করার চেষ্টা করেছেন। শামস প্রশ্নের ছবি তার বাবাকে পাঠিয়েছেন। উভয়ের ওএমআর শিট বাতিল করা হয়েছে। পুলিশ আইনানুগ ব্যবস্থা নিতে কাজ করছে।
জানা গেছে, সি ইউনিটে ভর্তি পরীক্ষা প্রথম শিফট বেলা ১১-১২টা এবং দ্বিতীয় শিফট বেলা ৩-৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন করায় প্রথম শিফটে দিব্য স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমি ভবনের ১০২ নং কক্ষে এবং শামস রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের ১৪৫ নম্বর কক্ষ থেকে আটক হন। অসদুপায় অবলম্বন করলেও পরীক্ষা চলাকালে প্রশ্ন বাইরে প্রকাশ না করায় দিব্যকে প্রাথমিকভাবে ছেড়ে দেওয়া হয়েছে এবং শামসকে আটক রাখা হয়েছে।
জিজ্ঞেসাবাদে শামস জানান, তিনি বাবার কাছে প্রশ্নের ছবি পাঠিয়েছেন এবং তিনি এআই ব্যবহার করে তার কাছে উত্তর পাঠিয়েছেন। জিজ্ঞেসাবাদে দিব্য জানান, ফোন সঙ্গে রাখলেও প্রথমে তার অসদুপায় অবলম্বনের উদ্দেশ্য ছিল না।
সি ইউনিটে আবেদনকারী ১ লাখ ২৬ হাজার ২২৫জন। তার মধ্যে বিজ্ঞানের শিক্ষার্থীরা আবেদন করেছেন ১ লাখ ২০ হাজার ৮৩৮ জন এবং অবিজ্ঞান বিভাগের ৫ হাজার ৩৮৭ জন। এই ইউনিটে সিট আছে ১ হাজার ৫৩৬টি। প্রতি আসনে লড়েছেন ৮২ জন ভর্তিচ্ছু। এক ঘণ্টা সময়ে ৮০টি বহুনির্বাচনি প্রশ্নের মান ছিল ১০০।
বিডি প্রতিদিন/জুনাইদ