বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে (ববি) দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ইউসিআইসিএস ২০২৬ (আন্ডারগ্রাজুয়েট কনফারেন্স অন ইন্টেলিজেন্ট অ্যান্ড কম্পিউটিং সিস্টেমস) শুরু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে এ সম্মেলনের উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা বলেন, সম্মেলনটি কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যপ্রযুক্তি ও ইন্টেলিজেন্ট কম্পিউটিং সিস্টেমের অগ্রগতিতে গবেষক, শিক্ষাবিদ ও শিল্পখাতের বিশেষজ্ঞদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। বিদেশি গবেষক ও কীনোট স্পিকারদের অংশগ্রহণের মাধ্যমে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীরা আন্তর্জাতিক গবেষণা পরিবেশের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে, যা গবেষণামুখী দক্ষ মানবসম্পদ তৈরিতে সহায়ক হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এস. এম. আব্দুর রাজ্জাক। দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের খ্যাতনামা আন্তর্জাতিক বিশেষজ্ঞরা কীনোট স্পিকার হিসেবে অংশগ্রহণ করছেন। কীনোট স্পিকারদের মধ্যে রয়েছেন টোকিও কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাপান-এর অধ্যাপক ড. তোশিহিসা তানাকা; নর্থ ক্যারোলাইনা এ অ্যান্ড টি স্টেট বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র-এর কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. কৌশিক রায়; কিং মংকুটস প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থনবুরি, থাইল্যান্ড-এর অধ্যাপক ড. কোসিন চামনংথাই; চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়া-এর কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল স্বাস্থ্য প্রযুক্তি কর্মসূচির প্রধান ও গবেষক ড. মোহাম্মদ আলী মনি; গ্লাসগো বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য-এর জেমস ওয়াট স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর সহযোগী অধ্যাপক ড. ফয়সাল তারিক; টোকিও বিশ্ববিদ্যালয়, জাপান-এর এমেরিটাস অধ্যাপক ড. কেইকিচি হিরোসে এবং কিউশু প্রযুক্তি ইনস্টিটিউট, জাপান-এর অধ্যাপক এডমান্ড সোজি ওতাবে। কীনোট স্পিকারগণ সম্মেলনের বিভিন্ন টেকনিক্যাল সেশন–এ কৃত্রিম বুদ্ধিমত্তা ও যন্ত্র শিক্ষণ, বায়োইনফরমেটিক্স, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, তথ্য বিজ্ঞান ও বৃহৎ তথ্য বিশ্লেষণ, সংকেত, চিত্র ও ভিডিও প্রক্রিয়াকরণ, এমবেডেড সিস্টেম ও ইন্টারনেট অব থিংস, কম্পিউটার নেটওয়ার্ক ও বিতরণকৃত ব্যবস্থা, সাইবার নিরাপত্তা, সফটওয়্যার প্রকৌশল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রয়োগ, ডিজিটাল স্বাস্থ্যসেবা এবং জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে গবেষণা ও আলোচনা উপস্থাপন করছেন।
সম্মেলনে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৩০০ জন আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থী এই আন্তর্জাতিক সম্মেলনের বিভিন্ন টেকনিক্যাল সেশন ও আলোচনা পর্বে অংশগ্রহণ করছেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন