ক্যাম্পাসের চারপাশের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’। শনিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’র করিডোরে এক অনুষ্ঠানের মাধ্যমে ১৮০ জনকে এ উপহার তুলে দেওয়া হয়। শীতবস্ত্রের মধ্যে ছিল হুডি, কম্বল, চাদর ও মোজা।
অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, ক্যাম্পাসের আশেপাশের বাসিন্দা ও বঞ্চিত মানুষেরাও এই বিশ্ববিদ্যালয় পরিবারের অংশ। লেখাপড়ার পাশাপাশি বঞ্চিত মানুষের জন্য শিক্ষার্থীদের মধ্যে এ ভাবনা-চিন্তা ও সহযোগিতা ধন্যবাদ পাওয়ার উপযুক্ত।
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের এ কাজের পরিধি আগামী দিনে আরও বৃদ্ধি পাবে সেই প্রত্যাশা করছি। আমরা সর্বদা সহযোগিতার হাত বাড়িয়ে দেব এবং তাদের কাজগুলোকে অবশ্যই স্বীকৃতি ও উৎসাহ দেব।’
তারুণ্যে’র সভাপতি মুরছালিন ইসলাম তুরান বলেন, “তারুণ্য’র সব সদস্যের প্রচেষ্টায় আজকের এই আয়োজন সম্ভব হয়েছে। আমরা সাধ্যমতো খরচ বাঁচিয়ে সেই টাকা দিয়ে সাধারণ মানুষের জন্য কিছু করার চেষ্টা করেছি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ইশতিয়াক হিমেল, সাহিত্য সম্পাদক ইমরান, সাবেক সাধারণ সম্পাদক ফাবিহা বুশরা, সহ-সভাপতি মিজানুর রহমান, শুভাশিত সদস্য ফাইমুন নোমানসহ অন্য সদস্যরা।
সংশ্লিষ্টরা জানান, ‘অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য’ এই স্লোগানকে সামনে রেখে ২০০৯ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয় ‘তারুণ্য’। প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন সংগঠনটির সদস্যরা।
বিডি-প্রতিদিন/এমই