সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
রবিবার শাকসু নির্বাচনে স্বতন্ত্র সহসভাপতি (ভিপি) প্রার্থী মমিনুর রশিদ শুভ এ রিট দায়ের করেন। রিটে শাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের আগে সব ধরনের নির্বাচন বন্ধ রাখার বিষয়ে নির্বাচন কমিশনের একটি নির্দেশনা রয়েছে। এ অবস্থায় শাকসু ও হল সংসদ নির্বাচন আয়োজন আইনসংগত নয় বলে রিটে উল্লেখ করা হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এদিকে রিটের খবর ছড়িয়ে পড়ার পর শাবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।
বিক্ষোভের বিষয়ে শিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের সহসাধারণ সম্পাদক পদপ্রার্থী সাকিল আহমেদ বলেন, শাকসু নির্বাচন শিক্ষার্থীদের মৌলিক অধিকার। নির্বাচনের আর মাত্র দুই দিন বাকি। জাতীয় নির্বাচনের অজুহাতে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ছাত্র সংসদ নির্বাচন আবারও বন্ধের ষড়যন্ত্র চলছে। তিনি দাবি করেন, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে একটি পক্ষ শিক্ষার্থীদের মৌলিক অধিকার খর্ব করার চেষ্টা করছে। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কোনো টালবাহানা সহ্য করা হবে না।
বিডি-প্রতিদিন/সুজন