ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ঢাকা বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরামের যৌথ উদ্যোগে পাঁচ দিনব্যাপী শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা শুরু হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে আয়োজিত এ বইমেলার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। অরোরা স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়েছে।
২২টি প্রকাশনা সংস্থার স্টল নিয়ে সাজানো হয়েছে শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা। আগামী ১৮ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
ডাকসু’র ভিপি সাদিক কায়েমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অরোরা স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের ডা. মো. মাহফুজুর রহমান এবং ডাকসু’র মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ও ইনকিলাব মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফাতেমা তাসনিম জুমা। এ সময় ডাকসু’র সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদসহ ডাকসুর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বইমেলা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ককে আরও শক্তিশালী করে।
তিনি বলেন, শহীদ ওসমান হাদি সর্বদা ন্যায় ও মজলুমের পক্ষে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। তার হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তিকে নয়, বরং একটি আদর্শকে হত্যা করার অপচেষ্টা। দ্রুততম সময়ের মধ্যে শহীদ হাদি হত্যার ন্যায়বিচার প্রত্যাশা করেন তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ