শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দীর্ঘ ২৮ বছরের অচলায়তন ভেঙে আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া শাখা ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হওয়া অনিশ্চয়তায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল), সাস্ট চ্যাপ্টার।
নির্বাচন স্থগিত হওয়ার সম্ভাবনার খবরে আজ রবিবার ইউটিএল সাস্ট চ্যাপ্টারের শিক্ষক নেতারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে শিক্ষকরা স্পষ্ট করে বলেন, যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে শাকসু নির্বাচন নির্ধারিত সময়েই আয়োজন নিশ্চিত করতে হবে।
ইউটিএল সাস্ট চ্যাপ্টারের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার দীর্ঘ ২৮ বছর পর ফিরে পাওয়ার এই সুযোগে কোনো বাধা মানা হবে না। নির্ধারিত সময়ে নির্বাচন ব্যর্থ হলে এবং এর ফলে ক্যাম্পাসে কোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি সৃষ্টি হলে, তার পূর্ণ দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে।
সাক্ষাতকালে উপস্থিত ছিলেন ইউটিএল সাস্ট চ্যাপ্টারের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব অধ্যাপক ড. মুহাম্মদ সাইফুল ইসলাম এবং অন্যান্য শিক্ষক নেতারা।