গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) কর্তৃক “উদ্ভাবিত ভ্রাম্যমাণ দুধ পরীক্ষাগারের মাধ্যমে খামারির দোরগোড়ায় দুধের গুণগত মান যাচাইকরণ” শীর্ষক এক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। খামারির পরিশ্রমের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং ভোক্তার জন্য নিরাপদ দুধ সরবরাহে ভ্রাম্যমাণ দুধ পরীক্ষাগারের ব্যবহার ও হাতে-কলমে প্রয়োগ শেখানোই ছিল এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।
বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কেন্দ্রের আয়োজনে মঙ্গলবার গাকৃবির ইন্টারন্যাশনাল কমপ্লেক্সের সেমিনার কক্ষে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। দুটি পর্বে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বহিরাঙ্গন কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির ডেইরি ও পোল্ট্রি বিজ্ঞান বিভাগের প্রফেসর এবং ভ্রাম্যমাণ দুধ পরীক্ষাগার প্রযুক্তির উদ্ভাবক ড. মো. মোর্শেদুর রহমান। স্বাগত বক্তব্য দেন বহিরাঙ্গন কেন্দ্রের সহযোগী পরিচালক ও অনুষ্ঠানের সঞ্চালক প্রফেসর ড. মো. মামুনুর রহমান।
গাজীপুর জেলার কাউলতিয়া থেকে ২০ জন এবং জেলার অন্যান্য অঞ্চল থেকে ২০ জনসহ মোট ৪০ জন খামারি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের তাত্ত্বিক ও ব্যবহারিক পর্বে ড. মোর্শেদ দুধের গুণগত মান নির্ধারণের আধুনিক পদ্ধতি, ভেজাল শনাক্তকরণ এবং ভ্রাম্যমাণ পরীক্ষাগারের কার্যকারিতা নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন।
উল্লেখ্য, দেশে প্রথমবারের মতো গাকৃবি উদ্ভাবিত ভ্রাম্যমাণ দুধ পরীক্ষাগার পুষ্টিমান নির্ণয়, ভেজাল শনাক্তকরণ, অ্যান্টিবায়োটিকের উপস্থিতি পরীক্ষা, ম্যাস্টাইটিস শনাক্তকরণ, জীবাণুর সংখ্যা নির্ণয়সহ নাগরিক সচেতনতা, পরীক্ষণ ও প্রশিক্ষণ সেবা প্রদান করে আসছে।
বিডি প্রতিদিন/হিমেল