জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষাকে কর্মমুখী ও যুগোপযোগী করতে নানা উদ্যোগ গ্রহণ করছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার রাঙ্গামাটি সরকারি কলেজে জেলা, উপজেলা ও সরকারি কলেজের অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন। তিনি বলেন, স্বাধীনতার পর গত পাঁচ দশকে শিক্ষা ও গবেষণার সঙ্গে শিল্পখাতের কোনো সংযোগ তৈরি হয়নি। সিলেবাস পুরনো এবং প্রথাগত থাকায় স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের প্রায় ৪০ ভাগ চাকরির বাজারে হতাশ হচ্ছে।
সভায় অধ্যক্ষরা নিজেদের অভিজ্ঞতা এবং বিভিন্ন সমস্যা তুলে ধরেন। প্রফেসর আমানুল্লাহ তা মনোযোগ দিয়ে শুনেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনায় যুক্ত করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, দেশের জনসংখ্যা অনেক হলেও দক্ষ জনবল সীমিত। চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা পূরণের জন্য শিক্ষার্থীদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় ইতোমধ্যেই সিলেবাস সংস্কার করেছে। তথ্য প্রযুক্তি ও ইংরেজি বিষয় স্নাতক সম্মানে বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষার আধুনিকায়নের জন্য দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয় ও খ্যাতনামা স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ শুরু হয়েছে। এছাড়া কলেজসমূহের বিদ্যমান সমস্যা সমাধানের জন্য আলাদা সেল গঠনের বিষয়েও ভাবনা চলছে।
প্রফেসর আমানুল্লাহ জানান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার সরকারি কলেজগুলোতে মাস্টার্স, প্রিলিমিনারি ও স্নাতক পাস/ডিগ্রি কোর্সের অধিভুক্তি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/সুজন