শিক্ষা, জ্ঞান ও বিদ্যার দেবী স্বরস্বতীর পূজা উপলক্ষে উৎসবের আমেজে সেজেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাস। শুক্রবার সকাল থেকেই ক্যাম্পাসের বিভিন্ন স্থানে রঙিন আলোকসজ্জা, ফুল ও ব্যানারে সজ্জিত পূজা মণ্ডপগুলোতে দেখা গেছে ভক্তদের উপচে পড়া ভিড়।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষার্থীদের উদ্যোগে গড়ে তোলা মণ্ডপগুলোতে শঙ্খধ্বনি, উলুধ্বনি আর মন্ত্রোচ্চারণে মুখর হয়ে উঠেছে ক্যাম্পাস। শিক্ষার্থীরা সাদা-হলুদ শাড়ি ও পাঞ্জাবি পরে দেবীর আরাধনায় অংশ নিচ্ছেন। বিশেষ করে নতুন শিক্ষার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো।
পূজা উদযাপন কমিটির সদস্যরা জানান, শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পূজা সম্পন্ন করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। সার্বিক সহযোগিতায় আছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা।
কমিটি আরও জানান, দুপুরে অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে পূজার মূল আনুষ্ঠানিকতা শেষ হবে। পরবর্তীতে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যায় আরতির মধ্য দিয়ে শেষ হবে দিনব্যাপী এই আয়োজন। সরস্বতী পূজাকে ঘিরে শাবিপ্রবি ক্যাম্পাসে তৈরি হয়েছে সম্প্রীতি, আনন্দ ও উৎসবের এক অনন্য পরিবেশ।
এ বিষয়ে সমাজকর্ম বিভাগের পূজা উৎযাপন কমিটির সভাপতি শিপ্রা রানী নাথ বলেন, ‘সরস্বতী পূজা আমাদের কাছে শুধু ধর্মীয় আচার নয়, বরং জ্ঞান ও সৃজনশীলতার প্রতি শ্রদ্ধা জানানোর একটি মাধ্যম। পাশাপাশি সিনিয়র-জুনিয়র সবার উপস্থিতিতে সম্পর্কের হৃদ্যতা গড়ে উঠেছে। ক্যাম্পাসে এমন উৎসব সত্যিই আনন্দের।’
বিডি-প্রতিদিন/তানিয়া