ন্যায়ভিত্তিক ও স্থিতিশীল বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
শুক্রবার কুমিল্লার কোটবাড়িতে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। লালমাই পাহাড়ের পাদদেশে চৌধুরী স্টেট এলাকায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এ সমাবর্তন আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতির মনোনীত প্রতিনিধি হিসেবে ড. এম সাখাওয়াত হোসেন অংশ নেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের উদ্ভাবনী শক্তিকে জাগ্রত করতে হবে। দেশ গড়ার কাজে মনোনিবেশ করতে হবে। এখন তথ্য প্রযুক্তির যুগ। এআই-এর ব্যবহার শিখতে হবে। বিজ্ঞানকে কাজে না লাগালে দেশকে এগিয়ে নেওয়া যাবে না। ন্যায়ভিত্তিক ও স্থিতিশীল বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা নিতে হবে।’
তিনি আরো বলেন, ‘আমরা সাধারণত নিয়ম মানতে চাই না। তাই এখনও দেশের ট্র্যাফিক ব্যবস্থা ঠিক করতে পারিনি। আমাদের দেশ আমাদেরকেই এগিয়ে নিতে হবে।’
তিনি সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়টির কর্মমুখী শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ায় ও সুন্দর সমাবর্তন আয়োজনে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. জামাল নাছের শিক্ষার্থীদের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি ঘোষণার প্রস্তাব উত্থাপন করেন। সমার্তন বক্তা ছিলেন, অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের চেয়ারম্যান ড. সবুর খান। গেস্ট অব অনারের বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. সানোয়ার জাহান ভূঁইয়া, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০২৩ থেকে ২০২৫ সেশনের শিক্ষার্থীদের মধ্যে প্রকৌশল, ব্যবসায় প্রশাসন, লিবারেল আর্টসসহ বিভিন্ন অনুষদের ৩৫২ জন যোগ্য শিক্ষার্থীকে সমাবর্তনে ডিগ্রি প্রদান করা হয়।
সমাবর্তনে সর্বোচ্চ সিজিপিএ পেয়ে চ্যান্সেলর অ্যাওয়ার্ড পান মোসাম্মৎ মাহমুদা আক্তার ও তানজিদা চৌধুরী। এছাড়া দুটি বিওটি অ্যাওয়ার্ড, তিনটি ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড এবং সাতটি ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/এমই