সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে রজতজয়ন্তী উদযাপন করেছে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে কলেজ প্রাঙ্গনে জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন এবং বেলুন উড়ানোর মধ্যে দিয়ে শুরু হয় দিনব্যাপী অনুষ্ঠান। পরে আলোচনা সভায় কলেজের নিজস্ব ম্যাগাজিনের মোড়ক উন্মোচন, অতিথিদের বক্তব্য এবং অতিথিদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মোর্শিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. হালিদা খানম আক্তার, ডা. হারুন আল রশিদ, ডা. রওশন আরা বেগম, ডা. কানিজ মাওলাসহ কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং দেশের বরেণ্য চিকিৎসকরা।
আলোচনায় সভায় বক্তারা হলি ফ্যামিলির ঐতিহ্য, মানবিক চিকিৎসা শিক্ষা এবং দেশের স্বাস্থ্যখাতে এই প্রতিষ্ঠানের অবদানের স্মৃতিচারণ করেন। এর পাশাপাশি সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে পেশাগত সততা, মানবিকতা ও নেতৃত্বগুণে নিজ নিজ অবস্থান থেকে দেশ ও সমাজের কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকরা গান, নৃত্য ও কবিতা পরিবেশন করেন। জুলাই আন্দোলনকে উৎসর্গ করে একটি বিশেষ পরিবেশনা অনুষ্ঠানে আলাদা তাৎপর্য যোগ করে। সন্ধ্যায় কাওয়ালি নাইটে দ্য কারার ব্যান্ড, এরপর আভাস ব্যান্ড এবং সবশেষে জনপ্রিয় শিল্পী প্রিতম-এর পরিবেশনায় দর্শকদের উচ্ছ্বাস চূড়ান্ত রূপ নেয়।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. ফারহানা হক এবং সাধারণ সম্পাদক ডা. সায়েম মোহাম্মদ।
সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠান মিলনমেলায় রুপ নেয়। এই আয়োজনের মধ্যে দিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক, সাবেক শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় হবে। সেই সাথে আগামীতে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে সম্মিলিত অঙ্গীকার ব্যক্ত করা হয়।
বিডি প্রতিদিন/কামাল