রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে আবেদন করা ৯০ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব এ তথ্য জানান।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘বি’ ইউনিটের অধীনে রয়েছে বিজনেস স্ট্যাডিজ অনুষদের ৬টি বিভাগ এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)। ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৮৮৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তার মধ্যে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা আবেদন করেছেন ১৮ হাজার ৪৫২ ও অ-বাণিজ্যের সংখ্যা ১২ হাজার ৪৩৪ জন।
এ বছর ‘বি’ ইউনিটে ৫টি আসন বাড়িয়ে ৫৬৪টি করা হয়েছে, যা গত বছরে ছিল ৫৫৯টি। সেই হিসেবে এবার আসনপ্রতি লড়ছেন ৫৫ ভর্তিচ্ছু।
আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, ‘বি’ ইউনিটের পরীক্ষার জন্য মোট আবেদনকারী ছিলেন ৩০ হাজার ৮৮৬ জন। এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও প্রথমবারের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ে একই সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, আমরা কয়েকটি পরীক্ষা কক্ষ পরিদর্শন করেছি, আমাদের ধারণা এই কেন্দ্রে ৯০ শতাংশ উপস্থিতি হয়েছে। এখন পর্যন্ত কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দেশের অন্য কেন্দ্রগুলো থেকেও কোনও ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাইনি।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন