ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, জাতীয় চ্যালেঞ্জগুলোকে গবেষণায় গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করতে হবে। তাতে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত হবে।
শনিবার কুমিরাস্থ স্থায়ী ক্যাম্পাসে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ১৮তম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাবি ভিসি আরও বলেন, জিডিপি ও সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে দেশ তুলনামূলকভাবে সফল হলেও, সেই প্রবৃদ্ধির সুফল সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে আমরা এখনো সক্ষম হইনি। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা খাতকে কীভাবে আরও কার্যকরভাবে কাজে লাগানো যায় -সে বিষয়ে ভাবতে হবে আমাদের। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য ব্যবসায়িক উদ্ভাবনে এই এসএমই খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ব্যবসায় শিক্ষা অনুষদ ও গবেষণা ও প্রকাশনা কেন্দ্রের যৌথ আয়োজনে ‘বিজনেস ইনোভেশন ফর ইনক্লুসিভ ডেভেলপমেন্ট’ শীর্ষক দু’দিনব্যাপী কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআইইউসি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। বিশেষ অতিথি ছিলেন আইআইইউসি’র ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, স্বাগত বক্তব্য দেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আকতারুজ্জামান খান। বিশ্বের বিভিন্ন দেশের ১৭২ জন গবেষক-প্রতিনিধি কনফারেন্সে অংশগ্রহণ করছেন।
বিডি-প্রতিদিন/মাইনুল