রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে পাস করেছে ২৪.৭৪ শতাংশ ভর্তিচ্ছু।
শনিবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন কলা অনুষদের ডিন ড. বেলাল হোসেন।
তিনি বলেন, ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। পাস করেছে ২৪.৭৪ শতাংশ। শিক্ষার্থীরা ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পারবে।
জানা গেছে, প্রথম শিফটে পাসের হার ২৩.১৫ শতাংশ এবং দ্বিতীয় শিফটে ২৬.৩২ শতাংশ। গড় পাসের হার ২৪.৭৪ শতাংশ।
এর আগে, গত ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন প্রথম শিফট বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। প্রথম শিফটের ৫৭ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ৬৫৭ জন এবং দ্বিতীয় শিফটের ৫৭ হাজার ৭৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ৭৩ জন উপস্থিত ছিল। শতকরা হিসেবে উপস্থিতির হার ৯০.১৬ শতাংশ।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রে ভর্তি পরীক্ষা নেওয়া হয়।
বিডি প্রতিদিন/এমআই