সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে সাক্ষাৎ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্মেলনের একপর্যায়ে প্রেসিডেন্ট ট্রাম্প শাহবাজ শরিফের কাছে পাকিস্তানের সেনাপ্রধান সম্পর্কে জানতে চান, আমার প্রিয় ফিল্ড মার্শাল কেমন আছেন?
পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভাষ্যমতে, এই প্রশ্নের জবাবে তিনি সামনের সারিতে বসা ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের দিকে ইশারা করেন। বিশ্বজুড়ে টেলিভিশন চ্যানেলগুলোতে সেই মুহূর্তের দৃশ্য সরাসরি সম্প্রচারিত হয়, যেখানে দুই নেতাকে অত্যন্ত হাসিখুশি মেজাজে ফিল্ড মার্শালের দিকে ইঙ্গিত করতে দেখা যায়।
গাজা পুনর্গঠন ও শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের নেওয়া 'বোর্ড অফ পিস' উদ্যোগের ভূয়সী প্রশংসা করে শাহবাজ শরিফ বলেন, ফিলিস্তিনিদের অধিকার রক্ষা এবং গাজার উন্নয়নে এই পদক্ষেপ সফল হলে ইতিহাস ট্রাম্পকে চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
কথোপকথনের একপর্যায়ে পাকিস্তান ও ভারতের মধ্যকার দীর্ঘদিনের সংঘাত নিরসনে ট্রাম্পের সময়োপযোগী ও কার্যকর ভূমিকার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন পাকিস্তানি প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেন, ট্রাম্পের সেই হস্তক্ষেপে ওই অঞ্চলের লাখো মানুষের জীবন রক্ষা পেয়েছিল এবং একজন মহান নেতা হিসেবে তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।
সূত্র: জিও নিউজ
বিডি প্রতিদিন/নাজমুল