বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, ‘সময়ের সঙ্গে তাল মিলিয়ে কারিকুলাম, শিক্ষকতা বা পড়ানোর কৌশল ও মূল্যায়ন পদ্ধতি আধুনিক করতে হবে। তা না করলে বিশ্ববিদ্যালয় ও গ্র্যাজুয়েটরা পিছিয়ে পড়বে। দায়িত্বশীল শিক্ষকতাই মানসম্মত উচ্চশিক্ষার ভিত্তি।’
সোমবার সকালে বাউবির গাজীপুর ক্যাম্পাসের শিক্ষক কনফারেন্স কক্ষে এক প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাউবির বিভিন্ন স্কুলের শিক্ষকদের নিয়ে দিনব্যাপী এ প্রশিক্ষণ আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)। প্রশিক্ষণের বিষয় ছিল বিশ্ববিদ্যালয়ের উচ্চতর র্যাংকিং অর্জনের কৌশল।
প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আরও বলেন, ‘বর্তমান বিশ্বে উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন ও আউটকাম বেইসড এডুকেশনের কোনো বিকল্প নেই।’
তিনি আরও বলেন, ‘ট্রেনিং মানে শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং নিজের জ্ঞানকে আরও পরিশীলিত ও যুগোপযোগী করা। শিক্ষক হিসেবে নিজেদের নিয়মিত প্রশিক্ষণ, শিক্ষকতা বা পাঠদানের কৌশল, কারিকুলাম উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের রুলস ও রেগুলেশন জানা অত্যন্ত জরুরি।’
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হানের সভাপতিত্বে প্রশিক্ষণ প্রোগ্রামে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. ফারুক এম. শেখ।
প্রশিক্ষণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মামুনুর রশিদ। বাউবির সাতটি স্কুল থেকে ৪০ শিক্ষক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/এমই