আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভয়েস অব ইউনিভার্সিটি টিচার্স-এর উদ্যোগে “জাতীয় নির্বাচনে চ্যালেঞ্জ ও করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় নগরীর দরগাহ গেটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) সাহিত্য আসর কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, পলিটিকাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাজিক মিয়া এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মোহন মিয়া, বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রিজাউল ইসলামসহ বিভিন্ন স্তরের শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
সেমিনারে সভাপতিত্ব করেন শাবিপ্রবি’র স্কুল অব লাইফ সায়েন্সেস-এর সাবেক ডিন অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিইই বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সাইফুল ইসলাম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিটিকাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন বলেন, “জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী সাম্য ও ন্যায্যতাভিত্তিক দেশ গঠনে তরুণ, দল নিরপেক্ষ ও দেশপ্রেমিক ভোটাররা সৎ ও যোগ্য প্রার্থী বেছে নেবে। দেশের সংস্কার সাধনে হ্যাঁ, ভোটের পক্ষে জনমত গঠন করতে হবে। হ্যাঁ, জিতলে বাংলাদেশ জিতে যাবে। সে লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে। কোন গুজবে কান দেওয়া যাবে না।’’
সেমিনার থেকে সংকট উত্তরণে সরকারের কাছে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে আগাম নিরাপত্তা জোরদার, নির্বাচনী আইনের কঠোর প্রয়োগ, প্রযুক্তির মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ বাড়ানোর সুপারিশ করা হয়।
বিডি-প্রতিদিন/তানিয়া