‘টেকসই উন্নয়নের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং’ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) তিন দিনব্যাপী ৮ম আন্তর্জাতিক কনফারেন্স (আইসিসিইএসডি) শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে কনফারেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. বদরুজ্জামান। অনুষ্ঠানে বক্তৃতা করেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ খালেকুজ্জামান চৌধুরী। সভাপতিত্ব করেন কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. কাজী হামিদুল বারী।
কনফারেন্সে টেকসই অবকাঠামো নির্মাণ, পরিবেশবান্ধব স্থাপনা, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা, উপকূলীয় অঞ্চলের সুরক্ষা, বর্জ্য ও পানি ব্যবস্থাপনা, স্মার্ট সিটি, উন্নত পরিবহন ব্যবস্থা, যানজট নিরসন ও আধুনিক সড়ক যোগাযোগসহ নানা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করা হবে। তিন দিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানী, গবেষক, প্রকৌশলী ও পরিকল্পনাবিদরা অংশগ্রহণ করছেন।
প্রফেসর ড. এ. বি. এম. বদরুজ্জামান বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় সিভিল ইঞ্জিনিয়ারিং সেক্টরে পরিবেশবান্ধব ও সাশ্রয়ী উদ্ভাবন অত্যন্ত জরুরি। এই ধরনের আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশের প্রকৌশলীদের বৈশ্বিক মানদণ্ডে উন্নীত হতে সাহায্য করবে।
বিডি-প্রতিদিন/সুজন