রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক সামাজিক উদ্যোক্তা প্রতিযোগিতা হাল্ট প্রাইজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে বিজয়ী দলগুলোর মধ্যে পুরস্কার তুলে দেন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মা. আরিফুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ডিন ড. মো. রহিম উদ্দীন, আব্দুল্লাহ আল কায়সার, ইঞ্জিনিয়ার জাবেদ উদ্দীন, মো. নাফিজ মন্ডল, মো. ফাকরুদ্দীন ও হাবিবা।
উৎসবমুখর এ প্রতিযোগিতায় রাবিপ্রবির ৬৬টি দল অংশ নেয়। যাচাই-বাছাই শেষে ১২টি দল সেমিফাইনালে উত্তীর্ণ হলেও চূড়ান্ত পর্বে প্রতিযোগিতা করে ৬টি দল। বিজয়ী দলগুলো হলো— দ্য সেভিয়ার, অ্যাকোয়ানোভা, সেফেক্সিট এআই, ডি’আর্টাগ্রান, লোকাল স্টে এবং ইকোনেক্সাস।
দলগুলো অ্যাকোয়া ফিশ ফিড উৎপাদন, স্মার্ট কোল্ড চেইন ব্যবস্থাপনা, এআই-চালিত স্মার্ট ভিশন ও জননিরাপত্তা ব্যবস্থা, বায়োশিল্ড, টেকসই পর্যটন এবং প্লাস্টিক পুনর্ব্যবহার প্রক্রিয়াসহ বৈশ্বিক সামাজিক সমস্যার উদ্ভাবনী ও টেকসই সমাধান উপস্থাপন করে।
রাবিপ্রবির ক্যাম্পাস পরিচালক মো. ইলিয়াসের নেতৃত্বে প্রতিযোগিতায় উপদেষ্টা হিসেবে ছিলেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ফাহিম হোসেন।
উল্লেখ্য, হাল্ট প্রাইজ একটি আন্তর্জাতিক শিক্ষার্থীভিত্তিক সামাজিক উদ্যোক্তা প্রতিযোগিতা, যা জাতিসংঘের সহযোগিতায় পরিচালিত হয় এবং বিশ্বজুড়ে শিক্ষার্থীদের ‘নোবেল’ হিসেবে পরিচিত।
বিডি প্রতিদিন/হিমেল